ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দেশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির নেতারাই প্রথম দল হিসেবে সরকারপ্রধানের সঙ্গে এই বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। তার বিরুদ্ধে যে সাজার রায় হয়েছে, তা দ্রুত কার্যকরের দাবি প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে। এছাড়া ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে ভারতকে শক্তিশালী বার্তা দিতে আহ্বান জানান তিনি। একইসঙ্গে দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য ছড়ানো ও অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী সব দলকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেদিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারপ্রধানের এই সংলাপ শুরু হলো। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে আলোচনায় বসবেন।