আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক নানা বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এই দলটির পতন ঘটেছে এবং সাধারণ মানুষের কাছে তাদের কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা স্বীকৃতি অবশিষ্ট নেই। তিনি বলেন, ইতিহাস সাক্ষী দেয় যে নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া গোষ্ঠী বিশ্বের কোথাও কখনোই রাজনীতিতে ফিরে আসতে পারেনি। একইভাবে, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনোই ফিরতে বা গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় হতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তিনি কীভাবে দেশে ফিরতে চান, তা দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচিত হচ্ছে। তবে আইন অনুযায়ী, কেবল যথাযথ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনা সম্ভব। সরকার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারা আইনানুগভাবে বিষয়টি যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘আসিব আসিব’ বলে মাঝে মাঝেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেন, সীমান্তের ওপারে অবস্থানকারী পলাতক নেতারা দেশে লুকিয়ে থাকা কর্মীদের উসকে দিয়ে মশাল মিছিল, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিচ্ছে। কর্মীদের ফাঁদে ফেলে বিপদে ঠেলে দেওয়া হচ্ছে, যা সাধারণ জনগণ কখনো মেনে নেবে না। মন্ত্রী মন্তব্য করেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে।