নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন দেখা না গেলেও শাকসবজির উচ্চমূল্য এখনও ভোক্তাদের ভোগাচ্ছে। তবে চাল, ডাল, পেঁয়াজ, আদা-রসুন ও ভোজ্যতেলের অপরিবর্তিত রয়েছে।
আজ (২০ জুন) শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুমের কারণে সবজির দাম তুলনামূলক বেশি। তবে এবার অধিকাংশ সবজির দাম সাধারণ সময়ের চেয়ে আরও কিছুটা বেড়েছে। বাজারে বেশিরভাগ সবজিই ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাত্র কয়েক ধরনের সবজির দাম ৫০ টাকার নিচে রয়েছে।
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, সবজির উচ্চমূল্যের কারণে সংসারের খরচ বেড়েছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরবরাহ ও মৌসুমি প্রভাবের কারণেই দাম বেশি রয়েছে। ডাল, চালের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। সাধারণ চালের দাম আগের অবস্থানে থাকলেও ধীরে ধীরে বাড়ছে পোলাওয়ের চালের দাম।
ব্যবসায়ীরা বলছেন, উন্নতমানের চালের চাহিদা ও সরবরাহ পরিস্থিতির কারণে এ দাম বৃদ্ধি দেখা যাচ্ছে। এদিকে ডাল, পেঁয়াজ, আদা ও রসুনের বাজার অপরিবর্তিত রয়েছে। কয়েক মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট কাটলেও কেজি প্রতি ২০০ টাকা রয়েগেছে। বিক্রেতাদের ভাষ্য, বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ায় ভোজ্যতেল নিয়ে আগের মতো উদ্বেগ নেই।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩৪০ থেকে ৩৫০ টাকার মধ্যে রয়েছে। বর্ষা মৌসুমে সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে ভোক্তাদের জন্য স্বস্তি ফিরিয়ে আনতে নিত্যপণ্যের সরবরাহ ও বাজার তদারকি অব্যাহত রাখা প্রয়োজন।