সৌদি আরবের মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা রাফাত (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে মদিনার তোফা মসজিদের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পরে তার মৃত্যু হয়।
নিহত রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের মৃত নুরুল আবছারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। জীবিকার সন্ধানে মাত্র চার মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে মদিনা শহরের একটি গ্রোসারি দোকানে কর্মরত ছিলেন রাফাত।
পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থলে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।