আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুন সারা দেশে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ প্রেক্ষাপটে দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের কর্মরত ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দুই মেট্রোপলিটন পুলিশ ও তিন জেলার পুলিশ সুপার সতর্কতামূলক এই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং প্রকাশ্যে মিছিলের চেষ্টা হতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে পুলিশের ওপর হামলা বা প্রতিক্রিয়া দেখানোর ঘটনাও ঘটতে পারে। এ কারণে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সারা দেশে এ বার্তা পাঠানো হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগামী ২৩ জুনকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতো প্রয়োজনীয় সব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম চলমান থাকবে।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।