গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শহরের বাইপাস এলাকার জাবেদ ফিলিং স্টেশনের সামনে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এর ফলে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, গ্যাস পাম্পে জ্বালানি সংকট ও গ্যাস সরবরাহের জটিলতার কারণে চালকরা এই বিক্ষোভে নেমেছেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।