মালয়েশিয়া যেতে ব্যর্থ হওয়া কর্মীরা রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ ও মহাসমাবেশ করেছেন। এ কর্মসূচির ফলে আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থলে দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান জানিয়েছেন, আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এতে কাওরান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারী কর্মী সজিব জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ৫ থেকে ৭ লাখ টাকা করে ব্যয় করেও শেষ পর্যন্ত যেতে পারেননি। তাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সজিবের অভিযোগ, সরকার ট্রেনিংয়ের নামে সময়ক্ষেপণ করেছে এবং প্রতিটি ট্রেনিং বাবদ তাদের ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ঋণের টাকায় এ ব্যয় মেটানোয় এখন দিশেহারা কর্মীরা। পরিবারের খরচ ও ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের দাবি, যেকোনো উপায়ে তাদের মালয়েশিয়া পাঠাতে হবে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী সজিব বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। ঋণ করে এ টাকা আনায় এখন পরিবার নিয়ে কষ্টে আছি।
আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে তারা এখন সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী কর্মীরা।