রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় তিনি এই নবনির্মিত ১৫ তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে এবং মোনাজাতে অংশ নেওয়ার মাধ্যমে তিনি কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। বাসসের তথ্যানুযায়ী, নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই এখন সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।
উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ বাড়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে ধাপে ধাপে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। সবশেষ এই ১৫ তলা ভবন নির্মাণের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত করা হলো, যা দেশের স্নায়ুরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
বাসসের খবরে বলা হয়, দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।