বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ হয়েছে। এই মাইলফলক উদযাপনে আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ মিলনায়তনে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের বিগত ছয় মাসের প্রশাসনিক সাফল্য, বিভিন্ন খাতে নেওয়া উন্নয়নমূলক কার্যক্রম এবং অর্জনের চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এই সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাবৃন্দ, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রেস উইং সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৈঠকে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে গত ছয় মাসে বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপের পর্যালোচনার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই সভা থেকে নীতিগত দিকনির্দেশনা আসবে। এছাড়া সরকারের সার্বিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদের মতামত শোনার সুযোগ থাকবে এই আয়োজনে। মূলত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।