বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি

প্রতিবেদকের নাম

গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে লটারির মাধ্যমে একযোগে ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই বিশেষ লটারি কার্যক্রম সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

লটারির ফলাফলের ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে বদলি করা হয়েছে। একই পদ্ধতিতে উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এই লটারি কার্যক্রম পরিচালনার সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম উপস্থিত ছিলেন। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এর আগেও স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। গত ৩০ জুলাই গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে লটারির মাধ্যমে বদলি করা হয়েছিল। ইউএনবি-এর তথ্যানুযায়ী, এই ধারাবাহিকতায় সর্বশেষ ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ