দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদের সংসদকক্ষে আজ দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোট শুরুর আগে তিনি নিয়মকানুন নিয়ে বক্তব্য রাখেন।
নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্যদের সংখ্যার বিচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। ভোট প্রদানকারীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমান। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দিয়েছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।