ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ পেশ করা হয়।
উত্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা করেন বিরোধী দল জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান।
তিনি এগুলোকে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। নজিবুর রহমান বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এই অধ্যাদেশগুলো ৩০ দিনের মধ্যে আইনে রূপান্তর করা জরুরি। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সংবিধানের নির্দেশনা মেনেই তিনি অধ্যাদেশগুলো উত্থাপন করেছেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিল আকারে সংসদে বিস্তারিত প্রস্তাব উপস্থাপন করবেন।
নতুন সংশোধনী অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর বিভিন্ন ধারায় পরিবর্তন এনে কার্যক্রমে স্বচ্ছতা ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের আওতায় প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পূর্বের বিধান পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নবায়নযোগ্য জ্বালানি খাতের বিস্তার দ্রুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি ক্রয়ে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করতে এ সংশোধনীর মাধ্যমে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্য রয়েছে। অন্যদিকে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে উত্থাপন করা হয়েছে।