আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি স্পষ্টভাবে বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে অবশ্যই প্রচলিত প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে।
আজ জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মন্তব্য করেন, জাতিসংঘ ও বিভিন্ন সূত্র অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বিভ্রান্তি বা বোকার স্বর্গে বাস করছেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। দেশীয় ও আন্তর্জাতিক আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।
ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভেদাভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একটি শক্তিশালী সাংবাদিক পরিবার গড়ে তুলতে হবে। এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি জানান, ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি বিশাল প্রকল্প গ্রহণের কাজ চলছে। পরিকল্পনা টিম প্রাথমিক ধাপ পার করেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার প্রতিটি প্রান্তের মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে। সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিনের অবহেলিত সড়ক, সেতুসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার।
সাংবাদিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের পরিমাণ বর্তমানে ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। এছাড়াও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতির উন্নতি নিয়ে তিনি জানান, যানবাহনের গড় গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে এখন ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অটোমেটেড ক্যামেরা ও আধুনিক সিগন্যাল ব্যবস্থা বসানো হয়েছে।
সরকারকে বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগুন সন্ত্রাসের রাজনীতি পুনরায় ফিরিয়ে আনার অপপ্রয়াস রুখতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সদা সতর্ক থাকতে হবে। বাংলাদেশের আইনকে সবার শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু, কামরুল হাসান মিলন এবং জেলা প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এছাড়াও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বিএফইউজে নেতা এরফানুল হক নাহিদ, বিভিন্ন জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি। জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ।