শেয়ারবাজারে কার্যরত স্টক ব্রোকার, স্টক ডিলার এবং মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর নেগেটিভ ইকুইটি ও অনাদায়ী ক্ষতি (আনরিয়েলাইজড লস) সমন্বয় করার নির্ধারিত সময়সীমা আরও চার বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৩ নভেম্বর সোমবার এই সংক্রান্ত একটি বিধিবদ্ধ আদেশ জারি করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে যেসব প্রতিষ্ঠানের অনুকূলে পূর্বেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, তাদের ক্ষেত্রে পুরনো মেয়াদই বহাল থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
কমিশনের প্রকাশিত নতুন আদেশ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাবভুক্ত থাকা নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লসের ঘাটতি সমন্বয়ে নতুন রূপরেখা কার্যকর হবে। এই বিধির আওতায় প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে শুরু করে পরবর্তী প্রতি অর্থবছর শেষে ন্যূনতম ২৫ শতাংশ হারে পুঞ্জীভূত ঘাটতি সমন্বয় করে ২০৩০ সালের মধ্যে তা সম্পূর্ণ নিঃশেষ করতে হবে।
বিএসইসির তরফ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক বিবরণীতে নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের নিখুঁত তথ্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুসেরণ করে স্বচ্ছভাবে প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। মূলত পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের মূলধন রক্ষা করা এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ দিতেই এই ছাড় দেওয়া হয়েছে। তবে আদেশের কোনো ধারা বা শর্ত অমান্য করা হলে কমিশন প্রয়োজনানুযায়ী অতিরিক্ত শর্ত প্রয়োগ, নির্দেশনায় পরিবর্তন বা আদেশ বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।