অস্ট্রেলিয়া সফরে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে অবতরণের পর তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরের উদ্দেশ্য সম্পর্কে ডা. শফিকুর রহমান জানান, দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করা এবং বিভিন্ন বিষয় জানার লক্ষ্যেই তিনি এই ভ্রমণে এসেছেন। অস্ট্রেলিয়া অবস্থানকালে তিনি দেশটির সরকারি উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের নানা কর্মসূচিতে অংশ নেবেন। অস্ট্রেলিয়া সফরের আনুষ্ঠানিকতা শেষে তাঁর মালয়েশিয়া সফর করার কথা রয়েছে, যেখানে তিনি প্রবাসীদের বিভিন্ন আয়োজনে যোগ দেবেন।