ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিষয়ে অ্যাক্রেডিটেশন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) গত ১ অক্টোবর একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এই ‘সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন খান উচ্চশিক্ষা খাতে অ্যাক্রেডিটেশনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষার মান বজায় রাখতে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং এএসিএসবি ও এসিবিএসপির প্রিন্সিপাল কনট্যাক্ট পারসন অধ্যাপক মো. মামুন হাবিব। ‘ফ্রম লোকাল এক্সিলেন্স টু গ্লোবাল রিকগনিশন: দ্য রোল অব ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন’ শীর্ষক উপস্থাপনায় তিনি ব্যবসায় শিক্ষার বৈশ্বিক স্বীকৃতি এবং স্টেকহোল্ডারদের আস্থা অর্জনে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের ভূমিকা তুলে ধরেন।
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে বিশ্ববিদ্যালয়টি অঙ্গীকারবদ্ধ। এছাড়া আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ইমরান রহমানের একটি লিখিত বার্তা পড়ে শোনান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ইকরামুল হাসান। অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড বিজনেস স্কুলের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের বিষয়ে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে আইকিউএসির একটি ভিডিও প্রদর্শিত হয় এবং স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক। আলোচনার মূল লক্ষ্য ছিল ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষাদানের মান বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা তৈরি করা।
এই আয়োজনে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবিএটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, লিডিং ইউনিভার্সিটি সিলেট এবং উত্তরা ইউনিভার্সিটি।