কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের তীব্র আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি বাতিলের দাবিতে স্থানীয় পর্যায়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জোরালো আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান। কিশোরগঞ্জে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯ আগস্ট ২০২৬ তারিখে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের আবেগের পরিপন্থী।
স্মারকলিপিতে ইমাম-উলামারা দাবি করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা আরও বলেন, অতীতেও কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই ১৯ আগস্টের কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান তারা। স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সেই আবেদনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে। কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ‘অ্যাশেজ’ ব্যান্ড। সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’ তবে কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা জানানো হয়নি।