কুয়েতের কৃষি অঞ্চল আবদালিতে প্রবাসী বাংলাদেশি কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে দেশটির বাংলাদেশ দূতাবাস। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবির কথা সরাসরি শোনেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। কমিউনিটি নেতা সমির মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি জাকির হোসেন মজুমদার। এছাড়া স্থানীয় বাংলাদেশি কৃষকদের মধ্যে নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ ও শামিম আহমদসহ অনেকে অনুষ্ঠানটি সফল করতে ভূমিকা রাখেন। দূতাবাসের আয়োজিত এই মতবিনিময় সভার মাধ্যমে প্রবাসী কৃষকরা তাদের অভিজ্ঞতা ও সংকটের কথা তুলে ধরার সুযোগ পান, যা ভবিষ্যতে তাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।