চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভাসহ মোট পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলের রাধানগর মহাজিরাবাদ রাস্তার উন্নয়ন কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত আবাসন প্রকল্প ঘুরে দেখেন। তিনি জানান, মৌলভীবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামো, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ ও পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মীর শাহে আলম আরও জানান, পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের উন্নয়নে সরকার ১ হাজার কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। জাতীয় উন্নয়নের মূলধারায় জেলাটিকে সম্পৃক্ত করতে বর্তমান সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।