রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে সরকার ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
মন্ত্রী জানান, দ্রুত এসব বাস রাস্তায় নামাতে সরকার সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে বিধায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ২০০টি বাসের মধ্যে ১০০টি বাস শুধুমাত্র নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনা করা হবে। এর মাধ্যমে নারী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের বিস্তারিত তুলে ধরে শেখ রবিউল আলম জানান, বর্তমানে ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে, যার একটি একতলা এবং নয়টি দ্বিতল। এছাড়া চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলাচল করবে। ভবিষ্যতে এই সেবা অন্যান্য বিভাগীয় শহরেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
নারীদের নিরাপদ যাতায়াতের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শুধু বাসে ওঠার পর নয়, বরং বাস স্টপেজে অপেক্ষার সময় এবং নামার সময়ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাসে ওঠা-নামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারের আগ্রহ কমে যায়, যা রোধ করা রাষ্ট্রের দায়িত্ব।
বিআরটিসির বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রী জানান, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। বর্তমানে বিআরটিসি লোকসানের বৃত্ত থেকে বেরিয়ে ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সেবার মান ও ব্যবস্থাপনায় আরও আধুনিকায়ন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
নারীদের জন্য চালু করা এই বাসসেবা যেন অতীতের মতো কয়েক মাস পরেই বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আজ যে সেবা চালু হচ্ছে, দুই মাস পর এর মান আরও উন্নত করতে হবে। এই উদ্যোগকে শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই করা এবং সেবার পরিধি বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।