দেশের তৈরি পোশাক শিল্পে বর্তমানে যে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক’ এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করার অসৎ লক্ষ্য থেকেই রাস্তায় এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক বা পোশাকশিল্পের মালিকদের একার নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে চলমান বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে শতভাগ আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে শ্রমিক ও শিল্পবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। তারপরেও যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার এক পরিকল্পিত অপচেষ্টা। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই শিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে একটি পক্ষ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
শিল্পের ইতিহাস তুলে ধরে শামা ওবায়েদ বলেন, আশির দশকের শুরুতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার যুগান্তকারী নীতিগত সহায়তায় তা বিকশিত হয়েছে।
গাজীপুরের তৈরি পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে গেছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন গত অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ ছিল প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।
বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত আছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসীদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে নিরলস কাজ করছে। গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর বিষয়টি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, এ সাফল্য অর্জনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের ভূমিকা অনন্য। ভবিষ্যতে পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করবে। গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালার পাশাপাশি নির্ভরযোগ্য তথ্য-উপাত্তই বাণিজ্য সুবিধা ও বিনিয়োগ আলোচনায় দেশের অবস্থান শক্তিশালী করে।
পরিশেষে শামা ওবায়েদ বলেন, একটি জাতির সম্পদ কেবল সুউচ্চ অট্টালিকা দিয়ে মাপা যায় না, বরং যারা এগুলো নির্মাণ করেন তাদের নিরাপত্তা ও মর্যাদাই আসল পরিমাপক। কোনো শ্রমিকই যেন জীবিকার তাগিদে জীবন বা স্বাস্থ্যের ঝুঁকিতে না পড়েন, তা নিশ্চিত করতে গবেষণা ও প্রমাণের ভিত্তিতে একটি নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।