বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তারা দুজনই টিআর পদে দায়িত্ব পালন করবেন।
একই আদেশে বেশ কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে এবং রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে বান্দরবানের সদর সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে র্যাবের মো. মাহফুজুর রহমানকে রাঙ্গামাটির বাঘাইছড়ি সার্কেলে এবং এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাবের আরও দুই কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন ও মো. মশিহুর রহমান সোহেলকে যথাক্রমে চট্টগ্রামের মীরসরাই সার্কেল ও বাগেরহাটের ফকিরহাট সার্কেলে পদায়ন করা হয়েছে। এছাড়া ফকিরহাট সার্কেলের মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে নোয়াখালীর পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ দিতে ব্যর্থ হলে ৩০ আগস্ট থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। তবে সংযুক্ত হওয়া কর্মকর্তা খন্দকার রবিউল আরাফাতকে ২২ আগস্টের মধ্যে দায়িত্বভার অর্পণ করতে হবে, অন্যথায় ২৩ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।