আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে।
চিফ হুইপ আরও বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে, এটি একটি ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। একই সঙ্গে তিনি জানান, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। এই নির্বাচনের মাধ্যমেই দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।