শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক ঃ

ক্রিস্টিয়ানো রোনালদো এবং গুইলের্মো ওচোয়ার সঙ্গে রেকর্ড সবচেয়ে বেশি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে অনন্য মাত্রা ছুঁলেন লিওনেল মেসি। একই ম্যাচে গড়েছেন রেকর্ড, করেছেন বিশ্বমঞ্চে প্রথম হ্যাটট্রিক, জিতিয়েছেন দলকে। বিশ্বকাপে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি, সঙ্গে সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা খেলোয়াড়ও হলেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আসরে শুভ যাত্রা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের পাঁচ মিনিটেই লৌতারো মার্টিনেজের বাড়ানো বল জালে জড়িয়েছিলেন মেসি। তবে এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার, অফ সাইডের ফাঁদে বাতিল হয় গোল। একই রূপ দেখে আলজেরিয়াও, আট মিনিটে ফারেস শাইবি এমিলিয়ানো মার্টিনেজের পাশ দিয়ে বল পাঠান জালে, এবারও অফ সাইডে বাদ হয় সে গোল। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডে পলের পাস, ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের মাঝে দিয়ে বল ভাসিয়ে জালে পাঠান মেসি। এরমধ্যে দিয়ে বিশ্বকাপে নিজের শেষ পাঁচটি ম্যাচে ৮টি গোলে অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যার মধ্যে রয়েছে ৬টি গোল এবং ২টি অ্যাসিস্ট। অর্ধের শেষদিকে বেশ কয়েকবার আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে সুবিধা করতে পারেনি। ১-০তে এগিয়ে বিরতিতে যায়।

সার্বিয়ার বিপক্ষে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন মেসি, সেসময় তার বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। হয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে কমবয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন তিনি।

দ্বিতীয়ার্ধে ফিরে আলজেরিয়ার উপর চড়াও হয় আর্জেন্টাইন আক্রমণভাগ। এবারও মেসিকে আটকাতে পারেননি প্রতিপক্ষ ডিফেন্ডাররা। তিনি ছুটেছেন আপন ছন্দে। ম্যাচের ৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান। সে বল ফিরে মেসির পায়ে গেলে দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৭৫তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর পাসে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি।

ম্যাচের ৮০তম মিনিটে বদলি নিকো পাজকে জায়গা ছেড়ে মাঠ ছাড়েন মেসি। আর্জেন্টাইনদের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম এবং বেশি বয়সী গোলদাতা হয়ে বেঞ্চে যাওয়ার আগে গড়েন আরও দুটি রেকর্ড।

মেসি তৃতীয় গোলের মাধ্যমে ভাগ বসিয়েছেন মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায়। বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির সংখ্যা এখন ১৬। জার্মানির সাবেক ক্লোসার সঙ্গে তিনি এখন শীর্ষে। ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে। গত রাতে জোড়া গোল করে জার্ড মুলারের সঙ্গে ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে কাইলিয়ান এমবাপে।

মেসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন। আর্জেন্টাইন অধিনায়কের আগে রেকর্ডটি ছিল পর্তুগাল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেন, তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। সেটি ছিল ঠিক ৮ বছর আগে জুনের ১৬ তারিখেই।

ম্যাচে অবশ্য শেষে এসে আলজেরিয়াকে চাপে রাখলেও আর গোলের দেখা পায়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আলবিসেলেস্তেবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ