বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই পৃথক বার্তায় তারা নতুন রাষ্ট্রপতিকে এই শুভেচ্ছা জানায়।
নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের মধ্য দিয়ে। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার ১৫ মিনিটের মাথায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়। এর ঠিক ১৫ মিনিট পর ব্রিটিশ হাইকমিশনও একই ধরনের অভিনন্দন বার্তা পাঠায়। চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। নতুন যুগে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যা দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে যুক্তরাজ্য সরকার উন্মুখ হয়ে আছে।