সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি যে কোনো সময় ঘোষণা করা হতে পারে। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য জানান।
মুখ্য সচিব জানান, গত ১১ বছর ধরে নতুন কোনো পে-স্কেল না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির কারণে আর্থিক চাপে রয়েছেন। জনগণের জন্য বর্তমান পরিস্থিতি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখতে এই সমন্বয় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি উল্লেখ করে তিনি বলেন, সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা গড়ে না তোলার কারণে বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এই সংকট উত্তরণে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনের সঙ্গে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।