সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
সরকারি চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, গ্রেডভেদে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের অনুপাত পুনর্নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে ১১-১২ গ্রেডের ১০০ নম্বরের পরীক্ষায় লিখিত ৫০ ও মৌখিক ৫০, ১৩-১৬ গ্রেডের ক্ষেত্রে লিখিত ৬০ ও মৌখিক ৪০ এবং ১৭-২০ গ্রেডের ক্ষেত্রে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ২৫ করে নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে। চাকরির পরীক্ষা পদ্ধতিতে এমন পরিবর্তনের খবরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে ‘ভাইভা কোটার ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ভাইভা কোটা সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’। শিক্ষার্থীরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে।
বিক্ষোভে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজওয়াদ আখলাক তানভীর বলেন, ‘আমরা ভাইভার বিরুদ্ধে নই, তবে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়িয়ে লিখিত পরীক্ষার মেধাক্রম পরিবর্তনের সুযোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, প্রক্সি বা জালিয়াতি রোধে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা যেতে পারে। শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন ভাইভার নম্বর বৃদ্ধির এই প্রস্তাব পুনর্বিবেচনা করা হয় এবং মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে নিয়োগের মূল ভিত্তি হিসেবে বজায় রাখা হয়।