সরকারের ছয় মাসের নির্বাচনী প্রতিশ্রুতি ও কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ছয় মাসে সরকার তার লক্ষ্যমাত্রার অধিকাংশ পূরণ করতে সক্ষম হয়েছে। রিজভীর ভাষ্যমতে, কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো ও প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় ব্যয় হয়েছে। তবে পরবর্তী ছয় মাসে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও জোরালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের এই ছয় মাসের অর্জনের একটি বিস্তারিত লিখিত বিবরণ বা বুকলেট শীঘ্রই সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে বলে জানান রিজভী। এতে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং খাল খননসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিসংখ্যান থাকবে। বিএনপি মহাসচিবের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী শপথ গ্রহণের আগে দলীয় বা সরকারি পদ ছাড়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক অবস্থান থেকে মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেই এই সংবাদ সম্মেলন করছেন বলে স্পষ্ট করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী এবং তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।
কোথাও হয়তো ১০০ শতাংশ না হলেও সেখানে ৯৫ শতাংশ, ৯০ শতাংশ আছে।