দেশে চলমান সহিংসতা ও অস্থিরতা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ‘আর না, অনেক হয়েছে—এখন কঠোরভাবে দমন করা হবে। মানুষ হত্যার প্রতিটি ঘটনার জবাব দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ১৬ বছর জোরপূর্বক ক্ষমতায় থেকে দেশ শাসন করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে তারা বিদেশে পালিয়ে গেছে। পলাতক অবস্থায় তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে এবং প্রভুর আশ্রয়ে থেকে অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষের অধিকার হরণ করছে। তিনি বলেন, পলাতকদের দেশের প্রতি কোনো দরদ নেই, তারা ১৪ শত মানুষকে হত্যার দায় নিয়ে পুনরায় সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারেক রহমান বলেন, ‘ভারতে প্রভুদের কাছে পালিয়ে গিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে।
তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪-এর আন্দোলনের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ গুম ও পতিত স্বৈরাচারের অপরাজনীতি আর দেখতে চায় না। মানুষ কেবল শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে। বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে, অথচ একটি গোষ্ঠী দেশের ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’।