হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ঝুঁকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ থেকে কমিয়ে ‘মাঝারি’ পর্যায়ে নামিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)। দুই দিন আগে সংস্থাটি এই গুরুত্বপূর্ণ জলপথে ‘উচ্চ ঝুঁকি’ থাকার সতর্কতা দিয়েছিল।
সর্বশেষ পরামর্শে ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলঘেঁষা হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুট দিন ও রাত- উভয় সময়েই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। খবর আল জাজিরার।
তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, যুদ্ধকালীন সময়ে পেতে রাখা মাইনের অস্তিত্ব থাকতে পারে এবং সেগুলো অপসারণের কাজ চলমান থাকায় এলাকায় নৌবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।
এ কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজগুলোকে ন্যাটোর তৈরি ‘নেভাল কো-অপারেশন অ্যান্ড গাইডেন্স ফর শিপিং’(এনসিজিএস) ব্যবস্থা ব্যবহারের জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। ন্যাটোর ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থা সামরিক অভিযান এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের মধ্যে সমন্বয় রক্ষায় একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।