ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠান আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সম্মতি দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য তাঁকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করার সম্মতি দেন।
সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার বর্তমান কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। তিনি বিশ্বের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ গবেষণা উদ্যোগগুলো নিয়েও আলোচনা করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নয়, এটি জাতীয় রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে একে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।