খুলনা নগরীর দৌলতপুরে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলির ঘটনার নেপথ্যে ব্যবসায়িক দ্ব›দ্ব বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার ১৫ জুন খুলনা মহানগরের পুলিশ কমিশনার (কেএমপি) জাহিদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, রোববার খুলনা নগরীর বিএল কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জামে মসজিদে দুর্বৃত্তরা গুলি চালায়।
গুলিতে বিদ্ধ হয়েছেন দুই মুসলি। তারা হলেন খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম এবং একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে আলম শেখ।
পুলিশ জানায়, আহতদের মধ্যে আলম শেখ বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত লোকমান হাকিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খুলনার পুলিশ কমিশনার জাহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে লোকমান হাকিম টার্গেট ছিল বলে মনে হচ্ছে। আমরা সন্দেহভাজনদের নাম প্রকাশ করছি না। লোকমান হাকিম জ্বালানি তেল ব্যবসায়ী ও ঠিকাদার।
ব্যবসায়িক দ্ব›েদ্ব তাকে গুলি করা হতে পারে। জড়িতরা গ্রেফতার হলে আমরা বিস্তারিত জানাতে পারব ঠিক কী কারণে গুলির ঘটনা ঘটেছে।
এর আগে, শুক্রবার খুলনা নগরীর মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় দোকানে বসে থাকা রফিক গাজী নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দুপুরে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।