ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এসব গণশুনানির মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হবে।
প্রয়োজনে কোনো অপরাধীকে শুনানিস্থলে তাৎক্ষণিকভাবে পাওয়া গেলে আইন অনুযায়ী গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ ধরনের গণশুনানি আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। শুনানিতে গুম-খুন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। যেসব ঘটনার মামলা আগে থেকেই রয়েছে, সেগুলোর কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। আর যেসব ঘটনার কোনো মামলা করা হয়নি, সেসব ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আনা হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পাওয়া গেলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তা তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে পর্যায়ক্রমে এ কর্মসূচি পরিচালনা করা হবে। দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার ভয়ে বা প্রভাবশালী মহলের চাপের মুখে মামলা করতে পারেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে যেন আর কখনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়, সেই বার্তা জাতির কাছে পৌঁছে দিতে চান তারা। গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার ও অভিযোগ দাখিলের পূর্ণ ক্ষমতা রয়েছে। এখানকার তদন্ত সংস্থাও স্বাধীনভাবে তদন্ত করতে পারে। সুতরাং এ কর্মসূচি সম্পূর্ণ আইনসম্মত এবং এর সুনির্দিষ্ট আইনগত ম্যান্ডেট রয়েছে।