আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ রোববার (২১ জুন)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। গত ৯ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী নতুন করে নিয়োগের আবেদন জানিয়ে সময় চান। পরে আদালত আবেদন মঞ্জুর করে আজকের দিন নতুন করে নির্ধারণ করে।
এর আগে ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয় এবং ২২ এপ্রিল তার জবানবন্দি গ্রহণ করা হয়।
চলতি বছরের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনায় ৫০ জন এবং একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।