চট্টগ্রামে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের ঘটনায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের পর কেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট প্রদানের অভিযোগ তোলেন কয়েকজন শ্রমিক। এই অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এদিকে চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, ‘আমাদের পর্যবেক্ষক দলেরও কয়েকজন আহত হয়েছেন। ইটপাটকেল ছোড়ার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তখন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’