ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সহিংস বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীর মিরপুরেও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
চলমান এই অস্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন।
রোববার সকাল থেকেই রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বড় ধরনের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের প্রায় ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, যা বেলা তিনটার দিকে স্বাভাবিক হয়। অন্যদিকে, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ রাখতে হয়। বেলা ১১টা থেকে ১টা পর্যন্তএ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সহিংস বিক্ষোভের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এর পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ইন্ধন দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এ ঘটনায় গাজীপুর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নয়জনকে এবং মিরপুর এলাকা থেকে এ সংশ্লিষ্ট আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। মন্ত্রী জানান, সরকার আগে থেকেই শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আজ এই বোর্ড গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবুও শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করে তিনি সবাইকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতির কারণে নিজের নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন তিনি।