ভারতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ চলাকালে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরদিন সকালে ক্যাফেতে হেঁটে যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। আজ একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অস্ট্রেলীয় দলটি।
ঘটনার বিবরণ দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, দলের দুজন সদস্য ইন্দোরে ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হওয়ার পরপরই দুই ক্রিকেটার ইন্দোরের র্যাডিসন ব্লু হোটেলে অবস্থানরত দলের নিরাপত্তা টিমের কাছে জরুরি এসওএস বার্তা পাঠান। বার্তা পাওয়ামাত্রই দলের নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে।
অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করে। ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করার পাশাপাশি হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করেন এবং একজনকে জোরপূর্বক জড়িয়ে ধরার চেষ্টা চালান। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকিল খান।
ঘটনাটি ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে সংঘটিত হয়। এক প্রত্যক্ষদর্শী পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর দ্রুত টুকে রাখেন এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়। ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে জানান, তারা অস্ট্রেলিয়ার নিরাপত্তা টিমের কাছ থেকে অশালীন আচরণের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা নিবন্ধনের পর অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। টুর্নামেন্টে ইতিমধ্যে ৬ ম্যাচে ১১ পয়েন্ট অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।