কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ নভেম্বর) রাতের এই ঘটনায় বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এমপি নুসরাত তাবাসসুম। তার অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।
বিষয়টি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ঘটনার পরপরই দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছেন। অথচ সেখানে কোনো ফরেনসিক টিম এখনো কাজ করেনি। একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিস্তারিত ব্যাখ্যা দেন। মন্ত্রী জানান, আক্রান্ত বাড়িটিতে বর্তমানে কেউ বসবাস করেন না। এমপি নুসরাতের বাবা-মা অন্য একটি বাড়িতে থাকেন। আগুন লাগার সময় বাড়িটিতে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
ঘটনার কারণ খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ করছে বলে সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকা এবং বৈদ্যুতিক ওয়্যারিং পুরাতন হওয়ার কারণে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি মনে করছেন।