যাত্রা ও সার্কাসের মতো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে অশ্লীলতা, জুয়া কিংবা মাদকের উপস্থিতি পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন, সুস্থ ও শালীন পরিবেশ বজায় রাখাই এসব আয়োজন অনুমোদনের প্রধান শর্ত। কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে যাত্রা বা সার্কাস চালানোর সুযোগ দেওয়া হবে না। এর একটি হলো, এসব আয়োজনের সঙ্গে একধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে। তবে যেসব ক্ষেত্রে অন্যায় কিছু ঘটছে না এবং সরকারও যেগুলোকে অন্যায় মনে করছে না, সেসব আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ হুঁশিয়ারি দেন। যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং এসব আয়োজনে বিভিন্ন পক্ষের বাধার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ঐতিহ্যবাহী এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকারকে দুটি বিষয় প্রধান্য দিতে হচ্ছে। একদিকে যেমন দীর্ঘদিনের অবক্ষয়ে এসব আয়োজনে অশ্লীলতা ও জুয়ার মতো অপরাধ যুক্ত হয়েছে, অন্যদিকে দেশের আইন অনুযায়ী জুয়া খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। অনলাইনসহ যেকোনো মাধ্যমে জুয়া পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। যাত্রা ও সার্কাসে এসব অনৈতিক বিষয় যুক্ত হলে তা তরুণ প্রজন্মের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি সতর্ক করেন। অন্যদিকে, এর সঙ্গে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড যুক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।
তিনি জানান, সরকার এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। সেখানে তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, অশ্লীলতা ও জুয়া বর্জন করেও লাভজনকভাবে যাত্রা ও সার্কাস পরিচালনা করা সম্ভব। ব্যবসায়ীরাও বিষয়টি স্বীকার করেছেন। জেলা প্রশাসকদের (ডিসি) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো আয়োজনে নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে মাদক বা জুয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর কোনো সুযোগ দেওয়া হবে না এবং তাদের নিষিদ্ধ করা হবে। কারও কোনো বক্তব্য বা আপত্তি থাকতে পারে।
সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বাধা প্রদানের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামায় জড়াতে পারে না।
তিনি জানান, সরকার যাত্রা ও সার্কাসকে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এগুলো চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেবে। যারা অন্যায়ভাবে এসব আয়োজনে বাধা দিচ্ছে, তাদের সঙ্গে সরকার আলোচনার চেষ্টা করবে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সরকার তাদের শক্ত হাতে প্রতিহত করবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ও বিনোদন অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।