দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই সংযোগের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতার একটি নতুন মাইলফলক অর্জিত হলো।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক এই পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষা শেষে বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।
এই পরীক্ষার প্রতিটি ধাপে টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সমন্বয় যাচাই করা হবে। এসব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদনের প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পরই পুনরায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপগুলো শুরু করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের এই পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তখন প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) পরিচালন সংস্থা হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। উল্লেখ্য, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, অর্থাৎ পুরো কেন্দ্রের মোট সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এই কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।