তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা গেলেও, রায় প্রস্তুতির ক্ষেত্রে এর ওপর নির্ভর না করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার চট্টগ্রামে বিচার বিভাগীয় সদস্যদের এক অভিভাষণে তিনি বলেন, রায়ের মূল অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব আইনি বিশ্লেষণে লিখতে হবে। এক্ষেত্রে বিচারকের নিজস্ব মেধা ও মননের প্রয়োগই মুখ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।’।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে এই দিকনির্দেশনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, অনুষ্ঠানে চট্টগ্রাম-১ ও ২ মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দস জামান এবং বিচারপতি আহমেদ সোহেলসহ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় (চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে প্রধান বিচারপতি অভিভাষণ দেন।
বিচারিক কাজের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড নিয়ে প্রধান বিচারপতি বলেন, মামলার আইনি দিক পর্যালোচনার পাশাপাশি দেশের সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলাগুলোতে কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে মেনে চলার জন্য বিচারকদের প্রতি নির্দেশ দেন তিনি।
বিচারকের ব্যক্তিগত আচরণের গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, আদালতের এজলাসের বাইরেও বিচারকের ব্যক্তিত্ব ও মর্যাদাবোধের প্রতিফলন থাকা প্রয়োজন। তিনি বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেন। এজলাসে বসে মুঠোফোন ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
আদালতের সময় ব্যবস্থাপনার বিষয়ে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, শুনানির সময় অকারণে দীর্ঘায়িত করার প্রবণতা বন্ধ করতে হবে। মামলার শুনানির জন্য সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে তা যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান এবং এই মূল্যবান সময় অপচয় না করে দ্রুত মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।