আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার উদ্দেশ্যে যদি সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়, তবে সরকার ও বিরোধী দল যৌথভাবে সেই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতাচ্যুত ও পলাতক ফ্যাসিবাদের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে এবং তাদের পুনর্বাসনের কোনো পথ খোলা নেই। তিনি বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।
শনিবার (২১ নভেম্বর) রংপুরে বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ ও ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, হিংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ নিজেদের একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করেছে। দলটির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের নেওয়া নিষিদ্ধকরণের সিদ্ধান্ত তাদের বর্তমান অপতৎপরতার মাধ্যমেই সঠিক প্রমাণিত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বিএনপির ইতিহাসে কখনোই গুম বা খুনের মতো রাজনীতি ছিল না।
মীর শাহে আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের পদাণত রাষ্ট্র হতে দেওয়া হবে না। কোনো দেশের প্রভাবের কাছে মাথা নত না করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাবলম্বী ও আত্মমর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে। কয়েকটি স্থানে বিশৃঙ্খলা বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুনরায় শাসন ক্ষমতা দখলের যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ধৈর্য ও মানবিকতার পরিচয় দিচ্ছে, যা কোনোভাবেই দুর্বলতা নয়। তিনি আরও বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
এর আগে দুপুর ২টায় রংপুরের স্টেডিয়াম দুটি উদ্বোধনের সময় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তাঁর দুই ভাই সেখানে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে নিয়েই নামফলক উন্মোচন করেন। তিনি উল্লেখ করেন, আবু সাঈদ হলেন জুলাই বিপ্লবের বীর প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর এই অসীম সাহসিকতা ও আত্মত্যাগকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় করে রাখতে এই নামকরণ করেছে, যাতে এটি শুধু ক্রীড়াক্ষেত্র নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চিহ্ন হিসেবে প্রতিষ্ঠিত থাকে। এর আগে আবু সাঈদের কবর জিয়ারতের সময়ই স্টেডিয়ামটি তাঁর নামে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিমন্ত্রী, যা এই উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়িত হলো। তার আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটি উদ্বোধন করা হয়েছে।
রংপুর অঞ্চলের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানের করে তুলতে অবকাঠামোগত সংস্কার করা হবে। জেলাটির উন্নয়নে ইতোমধ্যে এক হাজার ৮০০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে এবং বৃহত্তর উত্তরাঞ্চলের সার্বিক অগ্রগতিতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা দেশের শান্তিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি দাবি করেন, কয়েকটি বিচ্ছিন্ন স্থান ছাড়া দেশের কোথাও অগ্নিসংযোগ বা বড় ধরনের বিশৃঙ্খলা নেই এবং আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রেখেছে। রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রংপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। তিনি জানান, রংপুরের উন্নয়নে ইতিমধ্যে এক হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে মীর শাহে আলম স্পষ্ট করেন, এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। তবে বিএনপি সাংগঠনিক রেজুলেশনের মাধ্যমে কাউকে সমর্থনে আনবে। যদি কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র বা অন্যভাবে ভোটে অংশ নেয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান সামছুজ্জামান শামু, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।