ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে আগ্রহী বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনো সাজাপ্রাপ্ত আসামি বা সন্ত্রাসীর বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া দেশে ফেরার কোনো সুযোগ নেই। তাকে ফিরতে হলে হাতকড়া পরেই বন্দী হিসেবে আসতে হবে। তিনি আরও বলেন, মনের জ্বালায় টাকা দিয়ে যে কেউ চাইলে এমন খবর ছড়াতে পারেন, যা ভিত্তিহীন।
এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে পালন করা হচ্ছে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে।