মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

কিউআর কোড কী ও কেন এর জনপ্রিয়তা বাড়ছে

প্রতিবেদকের নাম

অনলাইনে তথ্যের খোঁজে দীর্ঘ সময় ব্যয় করা কিংবা জটিল ওয়েবসাইটের ঠিকানা লেখার ঝামেলা এখন আর নেই। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করলেই ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন। শুধু ওয়েবসাইট ভ্রমণ নয়, বরং কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিতি নিবন্ধন করা থেকে শুরু করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার মতো দৈনন্দিন কাজেও কিউআর কোড দারুণ কার্যকর। দ্রুত তথ্য আদান-প্রদান এবং ডিজিটাল সেবাকে সহজলভ্য করার কারণেই এর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে।

কিউআর বা কুইক রেসপন্স কোড মূলত একধরনের দ্বিমাত্রিক বারকোড। বর্গাকার এই কোডের ভেতর সাংকেতিক পদ্ধতিতে তথ্য সংরক্ষিত থাকে। সাধারণ বারকোডে কালো রেখার সমাহার দেখা গেলেও কিউআর কোডে থাকে কালো ও সাদা ছোট ছোট বর্গাকার ঘরের সুবিন্যস্ত বিন্যাস। এতে ওয়েবসাইটের লিঙ্ক, টেক্সটসহ বিভিন্ন ডিজিটাল তথ্য রাখা সম্ভব। স্মার্টফোন বা কিউআর কোড রিডারের সাহায্যে স্ক্যান করলে সংরক্ষিত তথ্য অনুযায়ী যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট নির্দেশ পালন করতে পারে। সাধারণত এতে অ্যাসকি বিন্যাসে লেখা সংরক্ষণ করা হলেও বাইনারি তথ্যও রাখা যায়।

ফর্টিনেট ডটকমের তথ্য অনুযায়ী, এই প্রযুক্তির যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে। ১৯৯৪ সালে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার সহযোগী প্রতিষ্ঠান ডেনসো ওয়েভ প্রথম কিউআর কোড তৈরি করে। শুরুতে অটোমোবাইল কারখানায় যন্ত্রাংশ শনাক্তকরণ ও উৎপাদনপ্রক্রিয়া সহজ করার কাজে এটি ব্যবহৃত হতো। কালক্রমে জাপানে জনপ্রিয় হওয়ার পর ২০১০ সাল নাগাদ এর ব্যবহার যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বর্তমানে তথ্য আদান-প্রদান, বিপণন এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে কিউআর কোডের ভূমিকা অপরিসীম। তবে প্রযুক্তির বিবর্তনে এর প্রয়োগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রোবটিক্স ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় কিউআর কোড নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। কোনো স্থানে থাকা কোড স্ক্যান করে রোবট প্রয়োজনীয় নির্দেশনা বা হালনাগাদ তথ্য বুঝে নিতে সক্ষম হবে, যা ভবিষ্যতে কাজ পরিচালনার পদ্ধতিকে আরও সহজ ও গতিশীল করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ