মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা

প্রতিবেদকের নাম

যশোরের বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত একটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে শ্রমিক সংগঠনের দুই নেতা আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের বেনাপোলের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে বন্দর এলাকার কার্যালয় থেকে ফেরার পথে তবিবুর ও লোকমান ছোট আঁচড়া পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরপর দুটি ককটেল ছোড়া হলেও একটি বিস্ফোরিত হয়। এতে তবিবুরের ডান পায়ে এবং লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে। ঘটনার পর সহকর্মীরা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাসেবা শেষে তাঁরা বর্তমানে বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে, এই হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেনাপোল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক নেতারা। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ