মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণা কুষ্টিয়া মেডিকেল কলেজে

প্রতিবেদকের নাম

কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। ১৫ সদস্যের এই কমিটিতে আলরাহাত ইবনে ওয়াহাবকে সভাপতি এবং মো. আবু সাদ শাহ্‌কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়ে নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজে সংগঠনের কার্যক্রম বিস্তৃত ও গতিশীল করা হবে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা প্রসঙ্গে তিনি দাবি করেন, ২০২৪ সালের পরবর্তী সময়ে মূলত ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি সামনে ছিল। তার মতে, অন্য ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করা সম্ভব এবং ওই সময়ে একাডেমিক সভায় তিনিও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সেখানে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ রাখার কথা বলা হয়েছিল।

তবে কলেজ প্রশাসন ভিন্ন অবস্থান নিয়েছে। অধ্যক্ষ শহিদুল ইসলাম স্পষ্ট করেছেন যে, ২০২৪ সালের ১৪ আগস্ট অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই রেজোল্যুশন এখনো কার্যকর রয়েছে। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে কমিটি গঠন করা হলেও কোনো রাজনৈতিক দল কার্যক্রম চালাতে পারবে না। ভবিষ্যতে একাডেমিক সভায় যদি ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কেবল তখনই রাজনৈতিক কার্যক্রমের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৪ আগস্ট শিক্ষার্থীদের ১২ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজ মিলনায়তনে ৯০ শতাংশের বেশি শিক্ষকের উপস্থিতিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তৎকালীন ওই সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ ও সংশ্লিষ্ট সব ছাত্রাবাসে ছাত্রলীগ, ছাত্রদলসহ যেকোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠন নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রাজনৈতিক সংগঠনের ওপরও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট কলেজের ছাত্ররা দুপুর ১২টার দিকে তাঁদের ১২ দফা দাবিসংবলিত একটি চিঠি দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ