রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বুধবার দিনগত রাত একটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে এই তিনজন মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদসহ উপস্থিত কর্মীরা কে এম শাখাওয়াত মুনের কাছে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এর জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত আছেন। কথোপকথন শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
একই সময়ে মোহাম্মদপুর এলাকায় পুলিশের একটি পৃথক অভিযানে সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, ছাত্রদলের কর্মীদের মাধ্যমে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার হওয়া আল আমিনসহ মোট চারজনই এখন থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।