রাজধানীকে সন্ত্রাসীর শহরে পরিণত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, যারা আগুন-সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতে চায়, তাদের প্রতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনার সময় তিনি এসব কথা বলেন।
নগরীর সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, শহর পরিষ্কার না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার জন্য মহানগর বিএনপির নেতাদের প্রতিও আহ্বান জানান।