জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মোঃ সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ডিপিডিসির মাধ্যমে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে ভবনের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের জন্য অব্যবহৃত ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে ডিপিডিসির দাখিল করা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক মনে না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ সম্পন্ন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করতে হবে।
বিদ্যুতের অপচয় রোধে কমিটি বেশ কিছু সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে বলা হয়েছে। একই সময়ের মধ্যে ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা প্রদান কর।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত ফারহান ফাইয়াজ খেলার মাঠের চুক্তি, বরাদ্দ এবং এর পেছনে ব্যয় হওয়া ১৩ কোটি ৯৫ লাখ টাকার ব্যবস্থাপনা যাচাইয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। মোঃ আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজের সমন্বয়ে গঠিত এই সাব-কমিটিতে সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের পরিচালনা নিয়েও সভায় আলোচনা হয়েছে। পার্লামেন্ট মেম্বার ক্লাব সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যকার চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে কমিটি আপত্তি জানিয়েছে এবং এই বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংসদ সচিবালয়ের সচিবসহ ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।