দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা, এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৫০৯ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। একইসাথে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
বিভাগভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২০ জন শনাক্ত হয়ে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, সিলেটে ১৮১, বরিশালে ১৭২, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৩ ও রংপুরে ৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৮১০ জন উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ৬৩৫, বরিশালে ২৬ হাজার ৫৮৯, সিলেটে ২২ হাজার ৩২৬, খুলনায় ১৭ হাজার ৬৫, ময়মনসিংহে ১৩ হাজার ২০৭, রাজশাহীতে ১২ হাজার ১১৩ ও রংপুরে ৪ হাজার ৮২৪ জন আক্রান্ত হয়েছেন।